
সোশ্যাল মিডিয়া টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেনের তথ্য কমিশনার অফিস,আইসিও। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়াগুলো কোন কনটেন্টকে অগ্রাধিকার দেবে তা নির্ধারণ করতে এবং ইউজারদের মনোযোগ ধরে রাখতে জটিল অ্যালগরিদম ব্যবহার করে।তবে, একই ধরনের কনটেন্ট বেশি পরিমাণে দেখানোর ফলে শিশুদের ওপর ক্ষতিকর ও অপ্রাসঙ্গিক কনটেন্টের প্রভাব পড়ার ঝুঁকি থাকে।তথ্য কমিশনার অফিস জানিয়েছে, তারা টিকটকের ১৩-১৭ বছর বয়সী ইউজারদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কনটেন্ট সাজানোর প্রক্রিয়া পর্যালোচনা করবে।পাশাপাশি, রেডিট এবং ইমগুর কীভাবে শিশু ইউজারদের বয়স নির্ধারণ করে, তা নিয়েও তদন্ত করা হবে।যদি প্রমাণ পাওয়া যায় যে কোম্পানিগুলো আইন ভঙ্গ করেছে,তাহলে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে এবং তারপর একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব।
তথ্য কমিশনার জন অ্যাডওয়ার্ডস বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা আশা করছে যে, তাদের তদন্তে প্ল্যাটফর্মগুলোয় যথেষ্ট সুরক্ষাব্যবস্থা পাওয়া যাবে। তবে এসব প্রক্রিয়া শক্তিশালী ও কার্যকর তা তারা নিশ্চিত হতে চায়।এদিকে, টিকটক, রেডিট এবং ইমগুর বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।









