
মেটার কর্ণধার মার্ক জুকেরবার্গের ভুল ধরে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্ক জুকেরবার্গ বলেছিলেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে।
সেখানে ভারতের প্রসঙ্গও তোলেন তিনি। মার্ক জুকেরবার্গ বলেছেন, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে। ভারতেও হয়েছে। প্রত্যেক জায়গায় শাসকদল পরাজিত হয়েছে। করোনা মোকাবিলায় সরকারের আর্থিক নীতি কিংবা মুদ্রাস্ফীতি, এর প্রভাব পড়েছে নির্বাচনে।এরপরেই ভারতে চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের ভুল ধরিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী। ফলে ২০২৪ সালে ভারত-সহ বিশ্বের বেশিরভাগ জায়গায় শাসকদল হেরে গিয়েছে বলে মার্ক জুকেরবার্গ যে দাবি করেছেন, তা বাস্তবে ভুল। তিনি আরও বলেছেন,বিনামূল্যে ২.২ বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনার সময় বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে সাহায্য করা হয়েছে। ভারত দ্রুত অর্থনীতি বৃদ্ধির দেশ এখন।
সুশাসন এবং জনগণের আস্থার সাক্ষী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার জয়। মেটার কর্ণধারের কাছ থেকে এমন ভুল তথ্য খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।









