
বিশ্বজুড়ে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন। কোম্পানিটি বলেছে, বিশ্বজুড়ে ১৬ হাজার কর্মী ছাঁটাই করেছে তারা।গত তিন মাসের মধ্যে এটি অ্যামাজনের দ্বিতীয় দফার বড় ছাঁটাই।
প্রায় ৩০ হাজার কর্পোরেট পদ ছেঁটে ফেলার বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে ও এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন। বলা হচ্ছে,করোনা মহামারীর সময়ে অতিরিক্ত কর্মী নিয়োগের পর এখন ব্যবসায়িক কাঠামো নতুন করে সাজানো ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।এ ছাঁটাইয়ের ফলে কোম্পানিটির অ্যামাজন ওয়েব সার্ভিসেস, রিটেইল, প্রাইম ভিডিও এবং মানবসম্পদ বিভাগের কর্মীরা ক্ষতির মুখে পড়বেন।এর আগে, গেল অক্টোবরের শেষ দিকে ১৪ হাজার অফিস পর্যায়ের কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন।কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি বলেছিলেন, অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা কমানোর জন্য অপারেশনাল স্তর বিন্যাস ও ম্যানেজারের সংখ্যা কমিয়ে কোম্পানিকে আরও গতিশীল করাই তাদের লক্ষ্য।এআই কীভাবে কর্পোরেট কাজের ধরন বদলে দিচ্ছে সে বিষয়টি আরও স্পষ্ট করেছে অ্যামাজনের এই কর্মী ছাঁটাই।
এআই অ্যাসিস্ট্যান্ট-এর উন্নতির ফলে এখন দাপ্তরিক সাধারণ কাজ থেকে শুরু করে কোডিংয়ের মতো জটিল বিভিন্ন সমস্যা দ্রুত ও নির্ভুলভাবে সমাধান করা সম্ভব হচ্ছে।এ কারণে এআই প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বিভিন্ন কোম্পানি।









