
খড়গপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের কাছে শ্যুটআউটে গুরুতর আহত হয়েছেন এক দলীয় কর্মী। ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার বি. সন্তোষ কুমার নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মী পার্টি অফিসের বাইরে দলীয় কর্মীদের সঙ্গে বসে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ করে একটি বাইকে করে তিনজন এসে চার-পাঁচটি গুলি চালায় বলে অভিযোগ। তারমধ্যে একটি গুলি লাগে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর।ঘটনার পর অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। খড়গপুর শহরে এই প্রথমবার নয়, একাধিকবার গুলি চালানোর ঘটনা ঘটেছে।চলতি মাসেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার গজনীপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর। গুলিবিদ্ধ ওই তৃণমূল কংগ্রেস কর্মী সনাতন ঘোষ দুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।









